অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে পুলিশি হয়রানি বন্ধ করে সড়ক পরিবহন আইন মেনে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় সামনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল ও বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকেরা। পরে নানা দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হন। এ সময় তারা পুলিশি হয়রানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে চালকেরা প্রায় তিন ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ কর্মসূচি চলাকালে আন্দোলন ছেড়ে যেসব অটোরিকশা চালক গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করার চেষ্টা করেন, আন্দোলনকারীরা তাদের মারধর করেন বলে জানা গেছে।
সমাবেশে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং সড়ক পরিবহন আইন অনুসরণ করেই অটোরিকশা চালাতে চান। কিন্তু পুলিশ তাদের যেখানে-সেখানে অযথা হয়রানি করছে। চালকদের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হলে কড়া জবাব দেওয়া হবে উল্লেখ করে তারা বলেন, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ লাইন কাটা হলে চালকদের নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ শেষে চালকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে রাজারবাগে গিয়ে শেষ হয়।
