রাজধানীর গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন দুই নারী। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ঐ দুই নারী। এ সময় ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। দুর্ঘটনার তাৎক্ষণিকতায় নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর পরই ক্ষুব্ধ জনতা ও পুলিশ ধাওয়া করে ঘাতক বাসটি জব্দ করেছে। একই সঙ্গে বাসের চালক মো. সাইফুল ইসলাম ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। আটক বাসচালক সাইফুলের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নান্দুরিয়া গ্রামে; তাঁর বাবার নাম আব্দুল গফুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
