লক্ষ্মীপুরে রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে দুই জেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২ জুন) সকালে রামগতি আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহতরা হলেন- রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৪৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পুকুর থেকে মাছ ধরে পিকআপ নিয়ে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন কয়েকজন জেলে। এসময় রামগতি আজাদনগর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি উল্টে যায়।
আরও পড়ুন: মাদক মামলায় দুই নারী কারবারির যাবজ্জীবন
এতে ঘটনাস্থলেই বেলাল ও হাসপাতালে নেয়ার পর গিয়াস মারা যান। ঘটনাস্থল থেকে আরও চার জেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগতি ও নোয়াখালী হাসপাতালে নেয়া হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
