চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ডাকাত গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ জুন) রাতে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোনাল কমান্ডার (পূর্ব) ক্যাপ্টেন কাজী শাহ আলম জানায়, ডাকাতির পাশাপাশি সাজ্জাদ নামের ওই ডাকাত অস্ত্র ব্যবসা করতো। তার কাছ থেকে অস্ত্র কিনে বিভিন্ন ডাকাত দল সাগরে জেলেদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো।
সোমবার কর্ণফুলী নদীতে অস্ত্র বিক্রি করতে এসে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন তিনি।
পরে তার দেয়া তথ্য মতে অন্য একটি স্থান থেকে ছয় রাউন্ড গুলিসহ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, সাজ্জাদের বাড়ি বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরী গ্রামে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
একাত্তর/জো
