আর কদিন বাদেই কোরবানী ঈদ। আর তাই এখন ব্যস্ত সময় পার করছে দিনাজপুরের গরু খামারীরা। জেলার ১৩টি উপজেলায় মোট দুই লাখ ৫৮ হাজার ১০০টি পশু কোরবানীর জন্য প্রস্তুত রেখেছেন খামারীরা। ছোট বড় সব মিলিয়ে জেলায় গরুর খামার রয়েছে প্রায় ৬০হাজার।
এর মধ্যে গরু-মহিষ রয়েছে এক লাখ ৫০ হাজার ৮৬৯টি, ছাগল-ভেড়া ১ লাখ ৭ হাজার ২৩১ টি। আর মোট পশুর চাহিদা রয়েছে ২ লাখ ২৯ হাজার ২৪৮ টি।
কিন্তু বন্যার কারণে নানা সংকট আর শঙ্কায় এখন দিন পার করছে তারা। কেননা, গোখাদ্যের দাম বেড়ে যাওয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে গরুর দাম নিয়ে খামারীরা রয়েছেন দুশ্চিন্তায়।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আলতাফ হোসেন খামারীদের দিচ্ছেন নানা পরামর্শ। বলছেন, জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে গরু সরবরাহ হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসম্মত পশু ক্রেতাদের হাতে তুলে দিতে সবরকমের প্রস্তুতি নেয়া হয়েছে ইতোমধ্যে।
এদিকে, খামারীরা অনুরোধ জানিয়েছেন, গো-খাদ্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ ভারতীয় গরু যাতে না আসে সেদিকে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়া হোক।
