নোয়াখালীর চাটখিলের সুন্দরপুরে সতীনের ১১ বছরের সন্তান রাহিম মল্লিক হোসাইনকে হত্যা মামলায় সৎ মা রাবিনা আক্তার প্রিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নোয়াখালী দায়রা জজ নিলুফার সুলতানা এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, চাটখিলের সুন্দরপুরে শাহাদাত হোসেন মল্লিকের প্রথমা স্ত্রী সাজেদা বেগমের ১১ বছরের সন্তান রাহিম মল্লিক হোসাইনকে নানার বাড়ি থেকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ২০১৭ সালের ৯ জুন বিকেলে ফোন করে সৎ মা রাবিনা আক্তার প্রিয়া তার বাড়িতে ডেকে নেয়। পরদিন সৎ মায়ের বাড়িতে শিশুটির মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে নিহত শিশুর মা সাজেদা বেগম বাদি হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাটখিল থানা পুলিশ ও পরে পিবিআই তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে নোয়াখালী দায়রা জজ নিলুফার সুলতানা আসামি রাবিনা আক্তার প্রিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল হক।
একাত্তর/জো
