জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে জানলার গ্রিল কেটে এবং ঘরের তালা ভেঙে ল্যাপটপ ও নগদ দশ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার পর নৈশ প্রহরী (গ্রাম পুলিশ) শাহানুর হোসেন ও আব্দুল মতিন সবকিছু চেক করে ভবনের দুতলায় ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজ পড়ে নিচে এসে দেখেন তাদের কলাপসিবল গেট বাইরে থেকে তার দিয়ে পেঁচিয়ে রাখা।
পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তার কেটে গেট খুলে তারা দেখতে পান চেয়ারম্যান, সচিব ও অনন্য রুমের তালা ভাঙ্গা।

আরও দেখা যায়, ইউনিয়ন পরিষদের পাশের ভবন, ভূমি অফিসের পেছনে ও সামনের দুইটি জানালার চারটি করে গ্রিল কাটা এবং ইউনিয়ন রেকর্ড রুমের ও ইউনিয়ন পরিষদের কয়েকটি স্টিলের আলমারি তালা ভাঙা। সেইসাথে পরিষদের দশ হাজার টাকা ও ভূমি অফিসের ল্যাপটপ নেই।
এ ঘটনা সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা লাগানো থাকলে এমন চুরির ঘটনা ঘটত না।
সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে অফিসে এসে আমার ঘরে দেখি আলমারি ভেঙে দশ হাজার টাকা নিয়েছে ও চেকবই-কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান ঘটনাস্থলেই পরিদর্শনে এসে বলেন, দ্রুত সময়ে ল্যাপটপ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতার চলছে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
একাত্তর/এসজে
