মেহেরপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়া তিন চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেষপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে অপু মিয়া (১৯), সদর উপজেলার চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল হোসেন (৪২) ও একই উপজেলার পাগলা কানাই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিছ (৩৬)।
স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া জানান, কয়েকদিন আগে কাঁঠালপোতা গ্রাম থেকে একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল চুরি যায়। সিসিটিভিতে চুরির বিষয়টি ও চোরদের স্পষ্ট দেখা যায়। মঙ্গলবার তারা আবারও গ্রামের মাঠে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করেন। এসময় দেখে ফেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে ফেলে।
তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাদের মোটরসাইকেল চোর বলে শনাক্ত করে এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। আহতাবস্থায় তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক চোরদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ সদর থানায় তাদের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো
