মোংলায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মিঠাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুল্লাহ শেখ (৮) ১নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা দিনমজুর মুকুল শেখের ছেলে। সে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
নিহত শিশুর চাচা মাসুম শেখ জানান, আব্দুল্লাহ শেখ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ী থেকে বের হয়ে চাচা মাসুম শেখের বাড়ীতে যাচ্ছিল। তখন রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বাইকটির নিচে পড়ে যায় সে।
খবর পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন শিশুটিকে বেলা সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. ইব্রাহীম হোসেন জানান, শিশুটির বুকের ডান পাঁজরের হাড় ভাঙ্গা, ডান কানে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হওয়ার দাগ রয়েছে। তবে আঘাতে মাথা ও পাঁজর ভেঙে ভিতরে রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে মারা যায় সে।
আরও পড়ুন: গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাবার বাড়িতে ডাকাতি
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে
