পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামীকে সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার (২৯ মার্চ) র্যাব-৮’র পটুয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত রিয়াজ হাওলাদার (২২) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার মোহাম্মদ রাজা হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, ২০২২ সালের ১৭ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় স্কুলে যাবার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান রিয়াজ ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে রিয়াজ হাওলাদারকে প্রধান আসামি করে দুমকি থানায় ২৮ ডিসেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করলেও মামলার প্রধান আসামি রিয়াজ হাওলাদার দীর্ঘদিন পলাতক ছিল।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তিন মাস ১২ দিন পর গোপন খবরের ভিত্তিতে র্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজার নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে ওই মামলার প্রধান আসামী রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
আরও পড়ুন: এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম!
গ্রেপ্তারের পর আসামিকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একাত্তর/জো
