খুলনায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ এনে এর নিন্দা জানিয়ছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, এই সরকারের ওপর দেশি-বিদেশি কোনো মানুষের সমর্থন নেই। তাই সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। তারা বিএনপিকে ধ্বংস করতে চাচ্ছে।
শনিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আহত নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হাসপাতালে তার সঙ্গে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনায় পুলিশ গুলি করে বিএনপি নেতাকর্মীদের পঙ্গু করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, পায়ে পাড়া দিয়ে পুলিশ সংঘর্ষ বাধিয়েছে।
তিনি আরও বলেন, খুলনার শেখ পরিবারকে খুশি করার জন্য পুলিশ কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ বাধে। এ সময় টিয়ারশেল, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ আহবান করে বিএনপি। কিন্তু বিনা উসকানিতে পুলিশ সমাবেশে পণ্ড করতে গুলি, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: পাবনায় ১০ দফা আদায়ে বিএনপির সমাবেশ
তবে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন বলেন, অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করছিল বিএনপি। আমরা পেছনে সরে গেলেও কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে আমরা টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হই। এছাড়া আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
একাত্তর/এসি
