অবরোধ সমর্থনে একটি প্রাইভেটকারে আগুন দেয়ার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছাত্রদলের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন- ছনপাড়া সড়কের ভূইয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক করা পাঁচজনই ছাত্রদলের স্থানীয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ বলেন, সোমবার রাত ১১ টার দিকে ভূইয়া পাড়া এলাকায় ১০ থেকে ১৫ জন ছাত্রদল কর্মী মশাল মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন।
এসময় তারা একটি প্রাইভেটকার থামিয়ে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে পাঁচজনকে আটক করে।
এরা হলেন- চরপাড়া এলাকার ইসমাইলের ছেলে হানিফ (২৬), কাঞ্চন খাপাড়া এলাকার মনিরের ছেলে জুনায়েদ (২০), রানীপুরা এলাকার আনোয়ারের ছেলে শাকিব (১৯), কেন্দুয়া খালপাড় এলাকার শুক্কুর আলীর ছেলে ইয়াকুব (২০) ও চন্ডিচলা এলাকার মতি মিয়ার ছেলে শাওন (১৬)।
অভিযুক্তদের জেরা করে আরও তথ্য বের করার জন্য মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
৪৩ ঘণ্টায় ১৪ যানে আগুন