নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। অন্যদিকে জয়পুরহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বয়স্ক রোগী মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।
ভুল চিকিৎসায় গৃহবধু মেহনাজ আক্তার আনিকার মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জ শহরের সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভাঙচুর করেন তার স্বজনরা। আনিকার স্বজনদের অভিযোগ, শনিবার রাতে চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে আনিকার টনসিলের অপারেশন হয়।
রোববার ভোরে জ্ঞান ফেরার পর তার ব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দিলে ইনজেকশন দেয়া হয়। এরপরই মারা যান আনিকা।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ পাঁচজনকে থানায় নিয়ে যায়।
নিহত মেহেনাজ আক্তার আনিকার বাবা আমানত উল্লাহ বলেন, আমার মেয়ের টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করি। তখন নানা টেস্ট দেয় ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। পরে জানান টনসিলের অপারেশন করতে হবে। এ জন্য ৮০ হাজার টাকা চুক্তি হয়। শনিবার রাত ৯টার দিকে আমার মেয়ের অপারেশন হয়। অপারেশনের পর ডাক্তার মেয়েকে কিছু খাওয়াতে নিষেধ করে। এদিন রাত ৩টার দিকে ব্যাথায় কান্নাকাটি করতে থাকলে নার্সদের সঙ্গে কথা বললে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ইনজেকশন দেয়। এক ঘণ্টা পর পুনরায় ব্যাথা উঠলে আবার ইনজেকশন দেয়। আজ সকালে ৯টার দিকে আমার মেয়ের হাত-পা নিল হয়ে যায় এবং ব্যথায় ছটফট করতে করতে মারা যায়।
অপারেশনের পর থেকে সেই ডাক্তার আমার মেয়ের আর কোনো খোঁজ নেয়নি। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার চাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের স্বজনদের রোষানল থেকে হসপিটালের আবাসিক চিকিৎসকসহ ৫ জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে জয়পুরহাটের গ্র্যাজুয়েট জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ৭৫ বছর বয়সী মরিয়ম বেগমের মৃত্যুর অভিযোগ করেন তার স্বজনরা। অবশ্য যথাযথ প্রক্রিয়া মেনেই মরিয়ম বেগমের চিকিৎসা হয়েছে বলে দাবি করেছেন গ্র্যাজুয়েট জেনারেল হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম।
তবে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ও পুলিশ সুপার।
ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মরিয়ম বেগমের স্বজনরা।
