জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ও সন্ধ্যায় জামালপুর সদরে ও মেলান্দহে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-টাঙ্গাইল সড়কের কাচাসড়া এলাকায় ট্রাক ও মোট সাইকেলের সংঘর্ষে বায়োজিত বোস্তামি নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
বায়োজিত সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট ছিলেন।
একই সময় একই সড়কের গহেরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় কার্ভাডভ্যান চাপায় মনজুরুল ইসলাম নামে এক শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছে।
নিহত মনজুরুল ইসলাম গহেরপাড় গ্রামের ডাক্তার জালাল উদ্দিনের পুত্র।
আরও পড়ুন: তামিম শো’র পর সম্পূর্ণ সিরিজ জিতলো বাংলাদেশ
এদিকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মেলান্দহের টনকী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন।
ওসি জানান, জামালপুর থেকে ইসলামপুরগামী সিএনজি চালিত অটোরিকশা ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় জহুরা বেওয়া নামে এক নারী নিহত হন।
নিহত জহুরা বেওয়া জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।
একাত্তর/এসি
