চুয়াডাঙ্গা জেলায় আলাদা স্থানে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাইদঘাট রেলক্রসিংয়ে ও বেলা ১১টার দিকে ডুগডুগি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন দামুড়হুদা উপজেলার ডুগডুগি নামক স্থানে আলামিন (২৫) নামে এক যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলামীন সদর উপজেলার ডিহিকেষ্টপুর গ্রামের ঝন্টুর ছেলে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইদঘাট রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসের ধাক্কায় গুরতর আহত হন শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি করা গাড়ি 'আলমসাধু'র চালক ইসরাফিল হোসেন (৪০)। ইসরাফিল আলমডাঙ্গা উপজেলার মাঝহাট গ্রামের হেলালের ছেলে।
পরে ইসরাফিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার
খিলক্ষেতে পিকআপ উল্টে নিহত এক, আহত দুই