এখন রাস্তায় আন্দোলনের সময় নয়, উল্লেখ করে গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, মানুষের কাছে গিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি সাংঘর্ষিক ও প্রতিহিংসামূলক রাজনীতি বাদ দিয়ে সম্প্রীতির রাজনীতি করতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নে পোনা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, পতিত সরকার পতনের দেড় বছর অতিক্রম হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি এবং কাঙ্ক্ষিত নির্বাচিত সংসদ সরকারও প্রতিষ্ঠিত হয়নি। এ জন্যই জনগণের মালিকানা এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে চলা কঠিন আন্দোলনে সবাই একসঙ্গে ছিলেন। এই সংগ্রামের ফলস্বরূপ যে রাজনৈতিক অর্জন, অর্থাৎ জনগণের গণতান্ত্রিক অধিকার, তা নিশ্চিত করতে এখন বাকি কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, এখন রাস্তা বা সংঘাতের রাজনীতি নয়, বরং জনগণের কাছে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারব না, আমরা হিংসা করার রাজনীতির দিকে যেতে পারব না। বিগত দিনের প্রতিহিংসামূলক রাজনৈতিক থেকে ফিরে এসে আগামী বাংলাদেশের জন্য সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভিন্নমত পোষণ করেও তাকে সম্মান জানানোর মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।
আসন্ন নির্বাচনে ঐক্যের মাধ্যমে অংশ নিতে হবে উল্লেখ করে সেলিমুজ্জামান সেলিম বলেন, বিভিন্ন দলের নিজস্ব দর্শন বা চিন্তাভাবনা থাকা স্বাভাবিক, এতে বিভেদ হচ্ছে না। যার যার অবস্থানে থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েই পরিবর্তন আনতে হবে এবং বিভিন্ন সংস্কারের বিষয়গুলো জনসমক্ষে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
তিনি যোগ করেন, নির্বাচন একটি প্রক্রিয়া, একটি পরিশ্রুতকরণ প্রক্রিয়া। নির্বাচনকে বাধাগ্রস্ত না করে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই ম্যান্ডেটের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে, রাস্তায় সাংঘর্ষিক অবস্থার মাধ্যমে নয়। কারণ সংঘাতের মাধ্যমে সমাধান করতে গেলে আবার সেই পুরোনো জমানায় ফিরে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি।
ক্ষমতায় গেলে সব দল নিয়েই সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান
নির্বাচনী প্রচারে পরিকল্পিত হামলা চালিয়েছে জামায়াত কর্মীরা, অভিযোগ রিজভীর