শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও ঘাটে সাধারণ মানুষ নৌবাহিনীর জাহাজগুলো কাছ থেকে দেখার এবং ঘুরে দেখার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব স্থানে নৌবাহিনীর জাহাজ দেখা যাবে: আইএসপিআর বিজ্ঞপ্তি অনুযায়ী, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত যে স্থানগুলোতে নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সেগুলো হলো-
- ঢাকা: সদরঘাট
- চট্টগ্রাম: নেভাল বার্থ
- মোংলা: দিগরাজ নেভাল বার্থ
- খুলনা: বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল
- বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাট
প্রতি বছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়। এরই অংশ হিসেবে দেশের সমুদ্রসীমা ও জলপথের অতন্দ্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে এবং বাহিনীর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
