আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। ২০২৬ সালে দিবসটির প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’।
আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্দেশ্য নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতা করা নয়। বরং পুরুষের অভিজ্ঞতা, অবদান ও তাদের জীবনের নানা সমস্যা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ, পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের মতো বিষয়গুলো দিবসটির আলোচনায় গুরুত্ব পায়।
দিবসটির সূচনা হয় ১৯৯৯ সালে। ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম টিলাকসিংহ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের উদ্যোগ নেন। দিনটি ছিল তার বাবার জন্মদিন। এ ছাড়া ১৯৮৯ সালের এই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর একটি ফুটবল দল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। এই দুটি বিষয়ও দিনটি নির্বাচনের পেছনে ভূমিকা রাখে।

এর আগে ১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের থমাস ওস্টারের উদ্যোগে কয়েকটি জায়গায় ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের আয়োজন করা হয়েছিল। ১৯৯২ সালে এ উদ্যোগের সূচনা হয় এবং ১৯৯৪ সালেও কিছু স্থানে দিবসটি পালন করা হয়। তবে তা ধারাবাহিকতা পায়নি। পরে ১৯৯৯ সালে জেরোম টিলাকসিংহের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটি আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পরিচিতি পায়। বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে দিবসটি পালিত হয়।
এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য আগামীর পৃথিবী’। এর মূল ভাবনায় রয়েছে অন্তর্ভুক্তি, প্রকৃত সমতা ও পারস্পরিক সহযোগিতা। দিবসটির আয়োজকদের মতে, পুরুষদের স্বীকৃতি ও সমর্থন দেওয়ার পাশাপাশি সমাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা দেয় এই প্রতিপাদ্য।
দিবসটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক পুরুষের মানসিক স্বাস্থ্য। সামাজিক প্রত্যাশার কারণে অনেক পুরুষ নিজের দুঃখ, হতাশা কিংবা মানসিক চাপ প্রকাশ করতে সংকোচ বোধ করেন। ‘ছেলেরা কাঁদে না’ কিংবা ‘পুরুষকে শক্ত হতে হয়’এ ধরনের ধারণা তাদের অনুভূতি প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘদিন কষ্ট চেপে রাখার ফলে একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যা তৈরি হতে পারে।

বিশ্বজুড়ে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় বেশি। মানসিক স্বাস্থ্যসেবা নিতে অনীহা, সামাজিক চাপ, আর্থিক অনিশ্চয়তা, সম্পর্কের সংকট ও একাকিত্বসহ নানা বিষয় এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তাই পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনের সময় পেশাদার সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করা জরুরি।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। পরিবারের দায়িত্ব, কর্মক্ষেত্রের চাপ কিংবা আর্থিক নিরাপত্তার চিন্তায় অনেক পুরুষ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়টি পিছিয়ে দেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, অনিয়মিত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক পুরুষ দিবসে পুরুষের ইতিবাচক আদর্শ তুলে ধরা, বাবা হিসেবে দায়িত্বশীল ভূমিকা, সন্তান লালন-পালনে অংশগ্রহণ এবং নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিবারের পাশাপাশি সমাজ ও কর্মক্ষেত্রে পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির অন্যতম উদ্দেশ্য।
যেভাবে কাটাতে পারেন দিনটি
আন্তর্জাতিক পুরুষ দিবস কেবল শুভেচ্ছা জানানো বা উপহার দেওয়ার দিন নয়। দিনটি হতে পারে প্রিয় পুরুষদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ। বাবা, ভাই, বন্ধু, জীবনসঙ্গী কিংবা পরিবারের অন্য পুরুষ সদস্যকে নিয়ে একসঙ্গে সময় কাটানো যেতে পারে। তাদের পছন্দের খাবার রান্না করা, বাইরে কোথাও খেতে যাওয়া কিংবা একসঙ্গে সিনেমা দেখার আয়োজনও হতে পারে।

অনেক দিন একসঙ্গে কোথাও যাওয়া হয় না, এমন বন্ধু বা স্বজনের সঙ্গে দেখা করার জন্যও দিনটি বেছে নেওয়া যায়। প্রিয় মানুষটির হাতে তুলে দিতে পারেন পছন্দের কোনো উপহার। উপহারটি দামি হতে হবে এমন নয়, ছোট্ট একটি চিঠি কিংবা আন্তরিক কিছু কথাও হয়ে উঠতে পারে বিশেষ স্মৃতি।

দিনটি নিজের জন্যও রাখা যায়। কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে পছন্দের বই পড়া, গান শোনা, ব্যায়াম করা কিংবা প্রকৃতির কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো এবং দীর্ঘদিনের অবহেলাগুলো কাটিয়ে ওঠার সিদ্ধান্তও হতে পারে দিনের গুরুত্বপূর্ণ আয়োজন।
সবচেয়ে বড় কথা, পুরুষের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাদের কথা মন দিয়ে শোনা। তারা কেমন আছেন, কী নিয়ে ভাবছেন, কোনো চাপ বা দুশ্চিন্তায় আছেন কি না, তা জানতে চাওয়া দরকার। প্রয়োজনে পাশে দাঁড়ানো, কথা বলার সুযোগ তৈরি করা এবং সহায়তা নিতে উৎসাহিত করাও ভালোবাসার প্রকাশ।
বাবা, ভাই, বন্ধু, জীবনসঙ্গী, সন্তান— এসব সম্পর্কের ভিন্নতায় পুরুষের ভূমিকা আলাদা হলেও তাদের অনুভূতি, স্বাস্থ্য ও যত্নের প্রয়োজন রয়েছে। একইভাবে নারী ও পুরুষ উভয়ের অভিজ্ঞতা, সংগ্রাম ও অধিকারকে সম্মান করেই সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। এক পক্ষের কষ্টকে স্বীকৃতি দিতে অন্য পক্ষের কষ্ট অস্বীকার করার প্রয়োজন নেই।
আন্তর্জাতিক পুরুষ দিবসের বার্তা তাই এক দিনের উদ্যাপনে সীমাবদ্ধ নয়। পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া এবং পরিবার ও সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার পরিবেশ তৈরি করাই এই দিবসের মূল তাৎপর্য।
