নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছায়েদ মানিক (৬৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতের দিকে মোটরসাইকেলে মাইজদীর উদ্দেশে রওয়ানা দেন মানিক। যাত্রাপথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু