দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরের দুই নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংঘর্ষের ঘটনায় এর আগে ওই ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের দলীয় কার্যক্রম স্থগিত করে দলটি।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম, সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথসভার সিদ্ধান্তে উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ওই সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
ভোর থেকে সন্ধ্যা, সংঘর্ষে মাতলা বিএনপির দুটি পক্ষ