বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্রেমলিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, এই সফরে দুই পরাশক্তির নেতার মধ্যে একাধিক বৈঠক হতে পারে এবং বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে নিয়ে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকেও বসবেন তাঁরা।
শেনজেনে রুশ সংবাদমাধ্যম ‘ভেস্তি’কে দেওয়া সাক্ষাৎকারে ইউরি উশাকভ বলেন, তাঁরা যে বৈঠক করবেন তা চূড়ান্ত হয়েছে, সব নেতা উপস্থিত থাকলে হয়তো বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই প্রথম সাক্ষাৎটি হয়ে যেতে পারে।
তিনি আরও নিশ্চিত করেন, বৃহস্পতিবার এপেক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন এবং অধিবেশন শেষ হওয়ার পরপরই পুতিন ও ট্রাম্প ‘অবশ্যই’ বৈঠক করবেন। তাঁদের মধ্যে একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে জানিয়ে উশাকভ বেশ তাৎপর্যপূর্ণ ভাষায় বলেন, দুই নেতা যখন মুখোমুখি হবেন, বিশ্বাস করুন, তাদের মধ্যে অত্যন্ত বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তারা আরামকেদারায় বসুন, সাধারণ চেয়ারে বসুন, টুলে বসুন কিংবা নিছক দাঁড়িয়ে একে অপরের চোখে চোখ রেখে কথা বলুন না কেন। দুই নেতার আলোচনার টেবিলে অসংখ্য গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে বলেও জানান তিনি।
এপেক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার গভীর রাতে দুই দিনের সফরে শেনজেনে পৌঁছান ভ্লাদিমির পুতিন। অন্যদিকে, মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড জোটের আওতায় জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক সেরে বুধবার শেনজেনে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।
নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন পুতিন ও ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে পারমাণবিক নিরস্ত্রীকরণ, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং বৈশ্বিক বাণিজ্যের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে পাশে থাকবে চীন
ইসরাইলের নতুন স্পিকার বিরোধী শিবিরের মাতান কাহানা