যুক্তরাজ্যের লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা এবং বাংলাদেশের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৪ জন নাগরিক। লন্ডনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানানোর পাশাপাশি বাংলাদেশে অগ্নিসংযোগ বন্ধ ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের অন্যতম নেতা, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের গুরুতর শারীরিক ক্ষতি করার চেষ্টা করা হয়। এ হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ছয়জন ব্রিটিশ নাগরিক আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বিবৃতিদাতারা বিদেশের মাটিতে সংঘটিত এ হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছেন না। তারা এটিকে সমন্বিত আন্তঃদেশীয় সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে নথিভুক্ত জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা, গুম ও নৃশংসতার জন্য অনুশোচনা প্রকাশের পরিবর্তে ক্ষমতাচ্যুত সরকারের প্রতি অনুগত গোষ্ঠীগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার এবং জুলাই বিপ্লবের শক্তিগুলোকে দুর্বল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
লন্ডনের সহিংসতাকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালিয়েছে। এর মধ্যে পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। হামলার শিকার সংসদ সদস্যদের মধ্যে জুলাই অভ্যুত্থানের নেতা নুসরাত তাবাসসুম এবং ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এস এম জিলানী রয়েছেন।
এছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারজয়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিন ডজনেরও বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানানো হয়।
দেশে ও বিদেশে রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের এই ধারাবাহিকতাকে গণতান্ত্রিক প্রতিবাদের সব মানদণ্ডের পরিপন্থি আখ্যা দিয়ে বিবৃতিতে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। সেগুলো হলো-
১. বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিক ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পলাতক গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় অবিলম্বে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে।
২. দেশজুড়ে চলমান অগ্নিসংযোগ, বোমা হামলা ও পরিকল্পিত আক্রমণ বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক শাসকগোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর বিচারপ্রক্রিয়া অবিলম্বে ত্বরান্বিত করতে হবে।
৩. গত ১৬ নভেম্বর লন্ডনে সংঘটিত হামলার বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে ব্রিটিশ কর্তৃপক্ষকে। জীবননাশের উদ্দেশ্যে পরিচালিত এই হামলায় জড়িত সব অপরাধী ও উসকানিদাতাকে ব্রিটিশ আইনে, প্রয়োজনে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে যুক্তরাজ্যের ভূখণ্ড যেন পলাতক ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন: অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. এম ফজল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আদিলুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বীর প্রতীক ফারুক-ই-আজম, নারী অধিকারকর্মী ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রধান নির্বাহী শারমীন সোনিয়া মুরশিদ, উদ্যোক্তা শেখ বশির উদ্দিন, অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, উন্নয়নকর্মী নুরজাহান বেগম এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
