রোহিঙ্গা গণহত্যার রায়কে প্রত্যাখ্যান করলো মিয়ানমার

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে দেশটির সরকার।

শুক্রবার, রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।


মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর আইসিজে এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করলো বিশ্ব আদালত। এ ছাড়া নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত কোনো ঘটনায় গণহত্যার আইনি মানদণ্ড পূর্ণ হওয়ার বিষয়ে রায় দিলেন।

সংবাদ সম্মেলনে খাইং খাইং সো বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয় এবং এটি ন্যায়সংগতও নয়। রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বড় বড় নেতারাও অতীতে বলেছেন যে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ তাদের বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।


১৯১ পৃষ্ঠার এই রায়ে বিচারকেরা উল্লেখ করেছেন, তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা করেছে, নারী ও মেয়েদের ওপর ব্যাপক মাত্রায় ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন এবং পরবর্তীতে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে ৫০০ দিনের বেশি কারাবন্দী রাখার বিষয়টিও বিশেষভাবে স্থান পেয়েছে।


বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গারা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে যেমন ক্রমবর্ধমান সহিংসতার মুখে রয়েছে, তেমনি প্রতিবেশী বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাও চরম মানবেতর জীবনযাপন করছে। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সংঘটিত এই অন্যায়ের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ সুযোগ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।


আইসিজের এই রায় ঘোষণার পর বাংলাদেশে অবস্থিত বিশাল শরণার্থী শিবিরগুলোতে হাজারো রোহিঙ্গা আনন্দ প্রকাশ করলেও কবে নাগাদ তারা নিজ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো গভীর অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, রাষ্ট্রসমূহের মধ্যকার বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিচারকারী আইসিজের রায় চূড়ান্ত হলেও তা সরাসরি বলবৎ বা কার্যকর করার ক্ষেত্রে আদালতটির নিজস্ব ক্ষমতা অত্যন্ত সীমিত।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। এই রায় ইসরায়েলের...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব আদালতে ঐতিহাসিক নৈতিক ও আইনি বিজয়ের পরও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় আদৌ বাস্তবায়িত হবে কি না। কারণ, আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনা করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাসমর্থিত নেতা মিন অং হ্লায়াং। বুধবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এই কথা...
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায়...
প্রথমবারের মতো মা-বাবা হলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। এই তারকা দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান; নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আজ শুক্রবারের ড্র নির্ধারণ করে দিয়েছে শেষ আটের এই হাইভোল্টেজ লড়াই। ফলে শিরোপার অন্যতম দুই দাবিদারের যেকোনো...
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর