নরসিংদীর একই মহল্লার আলাদা দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলায় ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবক একে অপরের বন্ধু বলে জানা গেছে।
নিহতরা হলেন—মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিম তার বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবা-মা অন্যত্র থাকেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ঘরের আড়ার সঙ্গে মিমের পা খাটে লাগানো অবস্থায় ঝুলন্ত ও পচন ধরা মরদেহ দেখতে পায় পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই মিম আত্মহত্যা করেছেন।
মিমের মরদেহ উদ্ধারের খবরের মধ্যেই পুলিশ জানতে পারে পাশের আরেকটি বাড়িতে শেখ শরিফের মরদেহ ঝুলছে। শরিফের ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে খাটে পা লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, শরিফের বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি। ধারণা করা হচ্ছে, গত ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত দুইজন পরস্পর বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তারা মাদকাসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত জানা সম্ভব হবে।
