স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
তবে কর্মবিরতি চললেও দুই হাসপাতালেই জরুরি ও বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু রয়েছে বলে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ
এদিন সকাল আটটা থেকে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। এর সমর্থনে সকালে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
সমাবেশে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি সাকিব হোসেন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার। চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি অধ্যাদেশকে স্বতন্ত্র আইনে রূপান্তর এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি নির্ধারিত সীমার মধ্যে রাখা।
সমাবেশ থেকে চিকিৎসকরা হুশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে অচিরেই ‘শাটডাউন’ কর্মসূচির মতো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, কর্মবিরতির কারণে ওয়ার্ডভিত্তিক কিছু সেবায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও হাসপাতালের নিয়মিত চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে।

সিলেটে বিক্ষোভ মিছিল
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত প্রজ্ঞাপন বাতিল ও ছয় দফা দাবিতে সিলেটে সকাল ১১টা থেকে সিওমেক প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা। পরে ক্যাম্পাস এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সিওমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তাদের এই আন্দোলন চলছে। আন্দোলন চলাকালে রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে সব ধরনের জরুরি সেবা চালু রাখা হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তারা।

বগুড়ায় ইন্টার্নদের কর্মবিরতি
ছয় দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
এদিন দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তারা এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামোর দাবি জানান।
তারা আরও জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। একই সঙ্গে দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয় মানববন্ধন থেকে ।
