দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সারাদেশে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় পেঁয়াজ ও পাটের হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাট পরিদর্শনকালে আইনমন্ত্রী সরাসরি প্রান্তিক পেঁয়াজ ও পাট চাষীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন অভিযোগ শোনেন।
কৃষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কৃষক তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। সেই কারণেই আমি সরেজমিনে মাঠে এসে চাষীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো শুনেছি। সরকার এমন পদক্ষেপ গ্রহণ করছে, যাতে মধ্যস্বত্বভোগীদের অবসান ঘটিয়ে প্রান্তিক কৃষক সরাসরি লাভবান হতে পারেন।

পণ্য মজুদকারীদের সতর্ক করে মন্ত্রী জানান, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি বা অবৈধভাবে পণ্য মজুদ করার বিরুদ্ধে কঠোর আইনের বিধান রয়েছে। কেউ যেন অসৎ উদ্দেশ্যে পণ্য মজুদ করে বা সিন্ডিকেট গড়ে তুলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
আইনমন্ত্রী আরও জানান, কৃষি পণ্যের দর স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও কৃষক উভয়ের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
