অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন।

অপরাধপ্রবণ এ এলাকায় বিভিন্ন স্থানে আস্তানা গড়ে দুষ্কৃতকারীদের সংঘবদ্ধ হওয়ার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও তৎপরতার কারণে বর্তমানে এলাকাটি সাধারণ মানুষের জন্য নিরাপদ। সড়ক নির্মাণের কাজ শেষ হলে দ্রুতই পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।
অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে জঙ্গল সলিমপুরে পুরোনো কিংবা নতুন কোনো অপরাধীচক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বার্তা দিতেই এ অভিযান বলে জানিয়েছে পুলিশ।
এলাকাটিকে পুরোপুরি অপরাধমুক্ত না করা পর্যন্ত নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
ডায়ালাইসিস: ঢাকা ও চট্টগ্রামের দুই হাসপাতালের দায়িত্ব নিচ্ছে সরকার