চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাইকে আটকরে পর তিনি ধর্ষণের পর হত্যার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে শিকার করেছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম শরিফা (৬)। সে উপজেলার মকরমপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
আটক ব্যক্তির নাম অন্তর (২০)। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের বাসিন্দা। তিনি শরিফার আপন দুলাভাই।
শিশুটির পরিবার জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নানাবাড়ির এক আত্মীয়ের সঙ্গে মকরমপুর গ্রামে তাফসির শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশু শরিফা। মাহফিলের মাইকে ঘোষণা দিয়েও ওই রাতে তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার (৪ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, অপহরণের পর শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী প্রেমতলী এলাকার একটি নির্জন ধানখেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, মরদেহের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়ের করা জিডিটি এখন নিয়মিত হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পুলিশ এই জঘন্য অপরাধের পেছনের অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে।
