পঞ্চগড় এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মকছেদ আলী (৬০)। তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেল নিয়ে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। ওই সময় বোদা থেকে পঞ্চগড়মুখী একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হলে মহাসড়কের পাশে দুইজনই ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার রায় জানান, মকছেদ আলী দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, দাপ্তরিক কাজে পঞ্চগড় জেলা শহরে যাওয়ার পথে বাইসাইকেলের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এতে সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত যান দুটি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
