চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডোপ টেস্টে মাদকের উপসর্গ পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তবে, প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, এবং এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) চাকসু নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫’ এ এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে, ডোপ টেস্টে পজিটিভ ফলাফল পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় একটি কার্ড পাবেন, যা দিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে গিয়ে নমুনা জমা দিবেন। মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডোপ টেস্টের রিপোর্ট আমাদের কাছে পাঠাবেন। টেস্টের ফি প্রার্থীকে বহন করতে হবে। পজিটিভ ফলাফল পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হবে, তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
এছাড়া নির্বাচনী আচরণ বিধিমালার বিস্তারিত জানিয়েছে চাকসু নির্বাচন পরিচালনা কমিটি। সেগুলো হলো-
মনোনয়নপত্র সংগ্রহ ও প্রত্যাহার
মনোনয়নপত্র সংগ্রহ বা জমাদানে মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসতে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্বশরীরে উপস্থিত থাকতে হবে। ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।
যানবাহন ব্যবহার
প্রচারণা বা ভোটের দিন যানবাহন, মোটরসাইকেল, রিকশা, বা অন্য কোনো শোভাযাত্রার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ। শুধুমাত্র চীফ রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে, যা প্রক্টর অফিস তত্ত্বাবধান করবে।
নির্বাচনী প্রচার
প্রচার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন থেকে ভোটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চলবে। প্রচারের সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত, তবে রাত ৯টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ। বহিরাগতরা প্রচারে অংশ নিতে পারবেন না। শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করা যাবে না।
অনলাইন প্রচার
আইনসম্মত ইতিবাচক প্রচার অনুমোদিত, তবে ব্যক্তিগত আক্রমণ, গুজব, মানহানিকর বক্তব্য, বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কোনো বিষয় প্রচার করা যাবে না।
সভা ও শোভাযাত্রা
সভা বা শোভাযাত্রার জন্য চীফ রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি প্রয়োজন। প্রার্থীরা শুধু নিজের সাদাকালো ছবি ব্যবহার করতে পারবেন। প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে তিনটি প্রজেকশন মিটিং অনুমোদিত।
পোস্টার ও লিফলেট
সাদাকালো পোস্টার বা লিফলেট ব্যবহার করা যাবে, যার আকার ৬০x৪৫ সে.মি. এর বেশি হবে না। ক্যাম্পাসের কোনো স্থাপনা, দেয়াল, বা গাছে পোস্টার লাগানো নিষিদ্ধ।
অনুদান ও খাদ্য
প্রচারণায় কোনো খাদ্য, পানীয়, বা আর্থিক অনুদান দেওয়া যাবে না।
উস্কানিমূলক আচরণ
ব্যক্তিগত বা ধর্মীয় আক্রমণ, গুজব, বা ভয়-ভীতি প্রদর্শন নিষিদ্ধ।
ভোটকেন্দ্রে প্রবেশ
শুধুমাত্র বৈধ পরিচয়পত্রধারী ভোটার, প্রার্থী, এবং অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। গণমাধ্যমকর্মীরা অনুমতি সাপেক্ষে ছবি তুলতে পারবেন, তবে বুথে প্রবেশ নিষিদ্ধ।
বহিরাগত প্রবেশ
নির্বাচনের দিন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ।
অস্ত্র বহন
বিস্ফোরক, দেশি অস্ত্র, বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধিমালা লঙ্ঘন
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে ২০,০০০ টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বা বহিষ্কারের শাস্তি হতে পারে।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।
