দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
সাক্ষাৎকালে চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল মার্কেটিং ও নার্সিংয়ের মতো সময়োপযোগী ও কর্মমুখী বিভিন্ন শিক্ষা কার্যক্রম, বিদ্যমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবসহ সিইউএসটি-এর উপাচার্য, রেজিস্টার, ট্রেজারার এবং ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
