‘মাইলস’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। শাফিন আহমেদের বড় ভাই হামিম আহমেদ গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল তার শো। শো’র আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কনসার্ট বাতিল করে তাকে হামপাতালে ভর্তি করা হয়। তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তিনি না ফেরার পথে পাড়ি জমান।
মাইলস আর শাফিন যেন সমার্থক! প্রায় ৪০ বছর ধরে ‘মাইলস’ ব্যান্ডের সঙ্গে সম্পর্ক শাফিন আহমেদের।
২০১০ সালের শুরুর দিকে একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। শাফিন আহমেদ নামেই যাত্রা করেন। তিনি চেয়েছিলাম, ‘মাইলস’ নামটা যেন আর ব্যবহৃত না হয়। একটি ব্যান্ড সম্মানিত জায়গায় পৌঁছার পর সেটি যেন আর সমালোচনার মুখে না পড়ে। সেই ভাবনা থেকেই তার চাওয়া ছিল, তারা যেন কেউই ‘মাইলস’ নামটা ব্যবহার না করে। তবে কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে আবার এক হন।
বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ২০১৭ সালে অক্টোবরে তিনি আবারো মাইলস ছেড়ে দেন। সবশেষ অর্থাৎ তৃতীয়বার মাইলস ছেড়েছেন ২০২১ সালের নভেম্বরে। সে সময় এক ভিডিও বার্তায় শাফিন বলেন, ‘মাইলসের সঙ্গে আমার পথ চলা সেই ১৯৭৯ সালে। অনেক সময় দিয়েছি, শ্রম দিয়েছি, অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের আজকের অবস্থানের পেছনে আমার কতটা অবদান সেটা সবাই জানেন। চলতি বছরের শুরুতে একটা সিদ্ধান্ত নিই মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে আমার মিউজিকের কোনো কার্যক্রম সম্ভব হবে না। বর্তমান লাইনআপের সঙ্গে সব ধরনের কাজ থেকে বিরত থাকব।
‘মাইলস’ ছাড়লেও সংগীত ছাড়বেন না বলে স্পষ্ট করেছিলেন শাফিন আহমেদ। তবে মাইলস নামটি যেন অপব্যবহার না হয় সে দাবিও রেখেছিলেন তিনি। এরপর নতুন ব্যান্ড ‘ভয়েস অব মাইলস’ গড়ে নিয়মিত কনসার্টে অংশ নিতেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। সাংগীতিক এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছিলেন আর মায়ের কাছে নজরুলসংগীত।
এরপর বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন ‘মাইলস’। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।
শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’ ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।
