প্রায় দেড় বছর পর আবারও পর্দায় দেখা দিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে। আসছে ৮ নভেম্বর থেকে ওটিটি প্লাটফর্ম হইচই’তে স্ট্রিম হতে যাওয়া ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীমনিকে দেখা যাবে ‘সুপ্তি’ চরিত্রে। এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
গল্পের প্লট নব্বই দশকের রাজধানীর বিভিন্ন মহল্লায় গড়ে ওঠা গ্যাং কালচারের। পাড়ার দাগি এক মাস্তানের সাথে প্রণয়ের মধ্য দিয়ে এগিয়েছে রঙিলা মাস্তানের গল্প। রঙিলা কিতাবে গ্ল্যামার গার্ল পরীমনিকে তুলে ধরা হয়েছে অনেকটা গ্ল্যামার লেস হিসেবেই্। অন্তঃসত্তা নারীর চরিত্রে রূপদান করা পরীমনির অভিনয় দর্শককে মুগ্ধ করবে, অন্তত ট্রেলারেই সেই প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস।

পরিচালক অনম বিশ্বাস বেশ আশাবাদী সিরিজটি নিয়ে। তিনি বলেন, সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। আশা করছি দর্শক পছন্দ করবে।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ -এর ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটলো পরীমণির। রঙিলা কিতাবের ট্রেইলার প্রকাশের পর ইন্টারনেটে চলছে দর্শক-সমালোচকদের মুগ্ধ প্রতিক্রিয়া। টান টান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে সিরিজটি জুড়ে।

‘রঙিলা কিতাব’ নিয়ে আশাবাদী পরীমনিও। তবে সিরিজটিতে অভিনয়ের চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জ পরীমনি কীভাবে উতরে গেছেন সেই কথাই জানালেন তিনিা পরীমনি জানালেন, তার প্রথম ওয়েব সিরিজ হওয়াতে শুরু থেকেই কাজটা নিয়ে তিনি ‘দারুণ এক্সসাইটেড’ ছিলেন। তিনি বলছিলেন, এমন এক চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে।
স্বভাবসুলভ ভঙ্গিতে পরী বলেন, আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তি চরিত্রটি করে ফেলেছি।

ট্রেলার দেখার পর অনেকে বলছেন, নায়িকা চরিত্রে বাইরে অন্য এক পরীর অভিষেক হবে রঙিলা কিতাবে। যেখানে অভিনয়শিল্পী পরীমনির দেখা পেয়েছেন অনেকে। বিষয়টি পরীমনির কান পর্যন্তও পৌঁছে গেছে। তাই তো তিনিও বললেন, ‘নায়িকা–টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়েই চলে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তার মধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না।
তিনি আরও যোগ করেন, যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো—এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তা–ই।
বিনোদন অঙ্গনে শুরুটা নাটকে অভিনয় দিয়ে হলেও পরীমনি আলোচনায় আসেন চলচ্চিত্রে অভিনয় করে। ২০১৫ সালে এই নায়িকার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায়। শাহ আলম মণ্ডল পরিচালিত ছবিটিতে অভিনয়ের পর কেটে গেছে লম্বা সময়। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। অভিনয়ের ধারাবাহিকতায় এবার তাঁর অভিষেক ঘটছে ওয়েব সিরিজে। ‘রঙিলা কিতাব’ দিয়ে যার শুরুটা হচ্ছে।
‘রূপালি গিটার’ ছেড়ে যাবার ছয় বছর ও শুরু থেকে শেষ
১৬ মিলিয়ন ভক্ত নিয়ে পরীমনির সাদামাটা জন্মদিন