মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠেয় উৎসবটি পিছিয়ে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লেবানন-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানায়, বড় এই আয়োজনের সময় ও লজিস্টিক পরিস্থিতি পর্যালোচনা করেই উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সঠিক সময় ও উপযুক্ত পরিস্থিতিতে’ উৎসব আয়োজন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
তবে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসব স্থগিতের সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা চালিয়েছে এবং পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সম্প্রতি ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়। এতে দেশটির বিমান চলাচলেও প্রভাব পড়ে এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।
আঞ্চলিক সংঘাতের প্রভাব পড়েছে সৌদি আরবের অন্যান্য আন্তর্জাতিক আয়োজনেও। গত মার্চে জেদ্দায় অনুষ্ঠেয় সৌদি আরবিয়ান গ্রাঁ প্রি বাতিল করা হয়।
২০২৬ সালের রেড সি উৎসবটি ছিল ষষ্ঠ আয়োজন। হলিউড, আরব ও ভারতীয় চলচ্চিত্রের তারকাদের অংশগ্রহণে সাম্প্রতিক বছরগুলোতে এটি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে। আগের আয়োজনে এমিলি ব্লান্ট, অ্যাড্রিয়েন ব্রডি, গুইনেথ প্যালট্রো ও মাইকেল কেইনের মতো তারকারাও অংশ নিয়েছেন।
তবে মূল উৎসব স্থগিত হলেও বছরজুড়ে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে উৎসবটি আয়োজনের কথা থাকলেও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি কর্তৃপক্ষ।
ভারতের পর এবার নিরাপত্তা পরিষদ সংস্কার চাইলো তুরস্ক
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
শাহেদ-২৩৮: জেট চালিত ইরানের নতুন ঘাতক ড্রোন!
ইরানি বিমানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখান করলো চীন