ভারতের হরিয়ানা রাজ্যের একটি খনি এলাকায় ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তিন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে খনিতে এখনও অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে শঙ্কা কর্তৃপক্ষের।
শনিবার (১ ডিসেম্বর) স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করা ও আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।
খনি এলাকায় পাহাড়ের একটি অংশে বড় ধরনের ফাটল ছিল, সেখান থেকেই ভূমিধসের সূত্রপাত।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সহযোগিতা চাওয়া হয়েছে।
হরিয়ানা পুলিশ জানায়, প্রায় ছয়টি আবর্জনাবাহী ট্রাক ও বেশ কয়েকটি মেশিন ভূমিধসে চাপা পড়েছে। উদ্ধার কাজের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: দেশে প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট
এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক আটকা পড়ে আছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
এর আগে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দাদাম খনি এলাকা ও খানক পাহাড়ে দুষণের কারণে খনিজ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছিল। গত বৃহস্পতিবার দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুক্রবার আবার খনিতে শুরু হয়।
একাত্তর/আরবিএস
