শত বিলিয়ন ডলারের অধিপতিদের তালিকায় স্থান করে নিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। তার বর্তমান সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার। শুধু চলতি বছরেই ২৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন আদানি। বর্তমানে বিশ্বের দশম ধনী এই ব্যক্তিই জিতে নিয়েছেন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির শিরোপা। এদিকে ৯৯ বিনিয়ন সম্পদ নিয়ে বিশ্বের এগারতম ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি।
৫৯ বছরের গৌতম আদানির ব্যবসা বিস্তৃত রয়েছে বন্দর, মহাকাশ, তাপ শক্তি ও কয়লা খনিখাতে। রয়েছে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা।
২০২১ সাল থেকেই নজর কাড়তে শুরু করেছিলেন গৌতম আদানি। সেই বছর তার সম্পত্তির পরিমাণ ৪৯ বিলিয়ন বেড়েছে। একইবছর তিনি জায়গা করে নিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ৫০০ বাক্তির তালিকায়।
অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন সংস্থা রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানিও খুব একটা পিছিয়ে নেই। তার ব্যবসাগুলির মধ্যে রয়েছে ফোর-জি নেটওয়ার্ক। তার সম্পদের পরিমাণ ২০২১ সালের তুলনায় বেড়েছে।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে তিন শীর্ষ ধনকুবের হলেন এলন মাস্ক, জেফ বেজোস ও বার্নাড আর্নস্টেল। ১৯৯৯ সালে বিশ্বে প্রথমবারের মতো শত বিলিয়ন ডলারের মালিক হন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এর দীর্ঘ ১৮ বছর পর অ্যামাজন ডটকমের জেফ বেজসও স্থান করে নেন শত বিলিয়ন ডলার মালিকের তালিকায়।
প্রসঙ্গত, গত সপ্তাহে আদানি গ্রুপের ভোজ্যতেল কোম্পানি আদানি ইউলমারের স্টক ৩০ শতাংশ বেড়েছে। আদানি ইউলমার প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে তিন হাজার ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে আগামী দিনে আদানির পক্ষে প্রথম স্থান ধরে রাখাটা একটু কষ্টকর হতে পারে। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সূর্যমূখী আমদানি। কারণ এই দুটি দেশ থেকে প্রচুর পরিমাণে সূর্যমূখী আমদানি করা হয়।
একাত্তর/এসএ
