বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনা মহামারির পরবর্তী কেন্দ্র হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এই ঝুঁকি মাথায় নিয়েই শেষ হল রাজ্যটির নির্বাচন।
৮ দফার নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে চূড়ান্ত ধাপে আজ (২৯ মে) ৩৫টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে মালদাহ, মুর্শিদাবাদ, বিরভূম ও কলকাতার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে সরকার গঠনে এবার মরিয়া বিজেপি। সমান শক্তিতে মাঠে রয়েছে বামফ্রন্ট-কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। ফলে রাজ্যজুড়ে বড় বড় র্যালি, সমাবেশ আর প্রচারণা যেন করোনা ভাইরাসের জন্য পোয়াবারো অবস্থা তৈরি করেছে। এর ফলাফলও পাওয়া যাচ্ছে হাতেনাতে।
বৃহস্পতিবার নির্বাচন শুরুর এক ঘণ্টা পর রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজ্যে ১৭ হাজার ২০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭৭ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮২১ জন শুধু কলকাতাতেই। যাদের অনেকেই হয়তো কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছে ভোট দিতে।
বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন শুরু হয় গত ২৭ মার্চ। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। একইদিনে চলমান অপর ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলও ঘোষণা করা হবে। রাজ্যগুলি হল- আসাম, তামিলনাডু, কেরালা ও কেন্দ্রশাসিত পদুচেরি।
