শ্রীলঙ্কায় চলমান বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে বুধবার দেশটির পার্লামেন্টে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন নতুন প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১০ টায় পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়।
পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচন করবেন।
প্রেসিডেন্ট পদে লড়ছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের দুল্লাস আলাহাপেরুমা ও বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ার দলের অনুরা কুমারা দিসানায়েক।
অন্যদিকে প্রেসিডেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিরোধী দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা। মূলত দুল্লাস আলহাপেরুমাকে সমর্থন জানিয়ে রনিল বিক্রমাসিংহেকে পরাজিত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বুধবার কোন এলাকায় কখন লোডশেডিং
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। চলতি মাসে প্রবল জনরোষের মুখে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আন্দোলনের একপর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে থাকা দুই ভাই গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসে।
একাত্তর/আরবিএস
