ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা দ্বন্দ্বের কারণে এই অঞ্চলে নিয়ন্ত্রণহীন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।চলমান পরিস্থিতিতে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ফিলিস্তিন-ইসরাইলে 'নিয়ন্ত্রণহীন সংকট' তৈরি হতে পারে।
মহাসচিব বলেন, ‘লড়াই অবশ্যই বন্ধ করতে হবে এবং দ্রুত বন্ধ করতে হবে।’
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা এখনো চলছে। তবে, গত রোববার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। এ দিনে ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেছে আরও ৪২ ফিলিস্তিনির, যা গাজায় হামলা শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার ইসরাইলি বিমান হামলায় নিহতদের মধ্যে ১০ শিশু ও ১৬ নারীও রয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫৫ শিশু ও ৩৩ নারী রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, হামলায় এ পর্যন্ত আহত হয়েছে অন্তত ১ হাজার ২৩০ জন। এ ছাড়া বহু ঘরবাড়ি ও ভবন ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে।
গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু। কয়েক বছরের মধ্যে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
একাত্তর/এনএ
