ক্যারিবিয়ান দ্বীপ ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোতে আঘাত হানার পর এবার বারমুডার পথে এগিয়ে যাচ্ছে হারিকেন ফিওনা। ঝড়ের প্রভাবে পুয়ের্তো রিকোতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন অধিকাংশ মানুষ এবং এক শিশুসহ মৃত্যু হয়েছে আট জনের।
সিএনবিসি'র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার পুয়ের্তো রিকোতে আছড়ে পড়ে ফিওনা। দ্বীপটিতে এরইমধ্যে বন্যা ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, এটি ঘণ্টায় সর্বোচ্চ ২১৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বারমুডার দিকে এগিয়ে যাচ্ছে। তবে বারমুডায় সরাসরি আঘাত নাও হানতে পারে।
মিয়ামি এনএইচসি'র ভারপ্রাপ্ত শাখা প্রধান এরিক ব্লেক বলেছেন, ঝড়ের প্রভাবে বারমুডায় ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাস দেখা যাবে। এমনকি ফিওনা তার বর্তমান পথ ধরে রেখে দ্বীপের পশ্চিমে চলে গেলেও। বৃহস্পতিবার বারমুডায় সবচেয়ে খারাপ অবস্থার দেখা পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, হারিকেন ফিওনা শুক্রবার কানাডার অটলান্টিক উপকূলে পৌঁছতে পারে। এরইমধ্যে এসব অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি
সিএনবিসি জানিয়েছে, পুয়ের্তো রিকোতে ঝড়ের আঘাতে ৩৩ লাখ বাসিন্দার মধ্যে ৪০ শতাংশেরই পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন দেশটির তিন চতুর্থাংশ মানুষ। বিচ্ছিন্ন হয়েছে অনেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।
একাত্তর/আরবিএস
