প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জলসীমা লক্ষ্য করে শতাধিক গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। একে দক্ষিণ কোরিয়ার সামরিক উস্কানির প্রতিক্রিয়া বলছে পিয়ংইয়ং।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ অক্টোবর) মধ্যরাতে উত্তর কোরিয়া তার পূর্ব এবং পশ্চিম উপকূল থেকে শত শত আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানান, উত্তর কোরিয়া মঙ্গলবার গভীর রাতে তার পূর্ব এবং পশ্চিম উপকূলে প্রায় ২৫০টি শেল নিক্ষেপ করেছে। বুধবারও প্রায় একশ' রাউন্ড আর্টিলারি শেল ছুঁড়েছে।
এদিকে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ১৯ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ ও ১৪ অক্টোবরের পরে, ১৮ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আবারও উস্কানিমূলক সামরিক তত্পরতা শুরু করে।
আরও পড়ুন: সাংবাদিক আমির খসরুর মায়ের খুনি সন্দেহে আটক এক
বিবৃতিতে আরও বলা হয়, ১৮ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নামগাংওন প্রদেশের চেওরওন জেলায় ফরোয়ার্ড অবস্থানে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পূর্ব ও পশ্চিম ফ্রন্টের সৈন্যরা পাল্টা জবাব দেয় এবং সতর্কীকরণ গোলাবর্ষণ করে।
গত ২৫ সেপ্টেম্বর থেকে কমপক্ষে ১৫টি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ছিল মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল। এই মিসাইল দিয়ে প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন অঞ্চল গুয়াম এবং তারও দূরে হামলা করা সম্ভব। এসব মিসাইল পরীক্ষার কারণে মঙ্গলবার টোকিও উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
একাত্তর/আরবিএস
