ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের আহ্বান জানিয়েছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬১ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাতে অবহেলার অভিযোগ তুলে লালু বলেন, তারা যেভাবে অবহেলা দেখিয়েছিল এবং সতর্কতা দেখায়নি তাতে এত বড় সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি'র।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু বলেন, একটি উচ্চ-পর্যায়ের তদন্ত হওয়া উচিত এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বড় ধরনের অবহেলা ছিল। ওরা রেলওয়েকে ধ্বংস করে দিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ছয়টা ৫০ থেকে সাতটা ১০ মিনিটের মধ্যে ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের মধ্যে দুটি সংঘর্ষ ঘটে, যার ফলে একটির উপরে একটি বিধ্বস্ত বগি এবং আস্ত বগি পড়ে যায়। এতে এখন পর্যন্ত অন্তত ২৬১ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন। আহতদের গোপালপুর, খাঁতাপাড়া, বালাসোর, ভদ্রক ও সোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র
এদিকে শনিবার বলেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মোদি বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। ঘটনায় দায়ীদের "কঠোর শাস্তি দেওয়া হবে" বলেও জানান তিনি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করবো।
একাত্তর/আরবিএস
