মিশর-ইসরাইল সীমান্তে এক মিশরীয় পুলিশের গুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে এক নারী সেনাও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
ইসরাইলি সেনাবাহিনীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার ভোরে মিশরীয় সীমান্তে একটি সামরিক পোস্ট সুরক্ষিত করার সময় একজন মিশরীয় পুলিশ গুলি করে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে। কয়েক ঘণ্টা পর ইসরাইলি ভূখণ্ডের ভেতরে সংঘর্ষে এক মিশরীয় কর্মকর্তা এবং তৃতীয় ইসরাইলি সেনা নিহত হন।
এক বিবৃতিতে মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছে, এক মিশরীয় সীমান্তরক্ষী (পুলিশ) সীমান্ত সুরক্ষা বাধা অতিক্রম করে এবং মাদক পাচারকারীদের তাড়া করার সময় ইসরাইলি বাহিনীর সাথে গুলি বিনিময় হয়।
ঘটনাটি ঘটেছে ইসরাইল এবং মিশরের মধ্যকার নিতজানা এবং আল-আওজা সীমান্ত ক্রসিংয়ের কাছে, মিশর এবং গাজা স্ট্রিপের সাথে ইসরাইলের সীমান্ত যেখানে মিলিত হয়েছে, তার থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে। ওই অঞ্চল দিয়ে ইসরাইল বা গাজা স্ট্রিপের জন্য মিশর থেকে নির্ধারিত পণ্য আমদানি করা হয়।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তিনি স্টাফ প্রধানের সাথে পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন এবং সেনাবাহিনী "প্রয়োজন অনুসারে ঘটনাটি তদন্ত করবে"।
আরও পড়ুন: তাইওয়ান যুদ্ধ হবে 'বিধ্বংসী', সতর্ক করলো যুক্তরাষ্ট্র
ইসরাইলি সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান এলিজার টলেদানো বলেছেন, গুলির ঘটনা চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত ছিল কিনা তা তদন্তে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কোনো প্রশ্ন অমীমাংসিত রেখে দেব না।
তবে তেল আবিব বলছে, মিশরীয় পুলিশ কিভাবে সীমান্ত অতিক্রম করলো তা এখনও স্পষ্ট নয়।
একাত্তর/আরবিএস
