রাশিয়ার ভাড়াটে সৈন্যদের গ্রুপ ওয়াগনারের রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণার পর রাজধানী মস্কোয় নিরাপত্তা জোরদার করে ওয়াগনার প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
শনিবার রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা দিয়েছেন ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনারের প্রধান প্রিগোজিন। খবর: বিবিসি।
রাশিয়ার সামরিক নেতৃত্বের ‘দুষ্টতা’ বন্ধ করার দাবি জানিয়ে ‘বিচারের জন্য অগ্রসর হওয়ার’ প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা, সরকার, পুলিশ এবং রাশিয়ান গার্ড যথারীতি কাজ করবে। এটি সামরিক অভ্যুত্থান নয়, বরং ন্যায়বিচারের মিছিল। আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই সেনাদের ওপর হস্তক্ষেপ করে না।’
শুক্রবার ওয়াগনার গ্রুপ জানায়, তাদের ক্যাম্পে হামলা চালিয়ে বিপুল সংখ্যক সদস্যকে হত্যা করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন।
তিনি জানান, রুশ সামরিক বাহিনীর কর্মকর্তাদের শিক্ষা দিতে তার বাহিনী ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকেছে। ওয়াগনার যোদ্ধারা ইউক্রেন থেকে রাশিয়ার সীমান্ত পেরিয়ে রোস্তভ-অন-ডন শহরে প্রবেশ করেছে। তার লোকেরা তাদের পথে দাঁড়ানো সবাইকে ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ওয়াগনার প্রধানের এমন অবস্থানের পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেছে। ইয়েভগেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এ মামলার তদন্তও শুরু হয়েছে।
এ পরিস্থিতিতে রাজধানী মস্কো ও রোস্তভসহ কয়েকটি শহরে নিরাপত্তা জোরদার করেছে রুশ প্রশাসন। মস্কোর মেয়র শহরজুড়ে সন্ত্রাসবিরোধী সতর্কতা জারি করেছেন।
মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন টেলিগ্রাম পোস্টে লেখেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মস্কোয় সন্ত্রাসবিরোধী নিরাপত্তা সতর্কতা নেওয়া হয়েছে। সড়কগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জনপরিসরের অনুষ্ঠানাদি সীমিত করা হতে পারে।’ সবাইকে বিষয়টি অনুধাবনের জন্য অনুরোধ করেন মেয়র।
লাইপেৎস্ক ও ভরোনেঝ অঞ্চলের মধ্যকার এম ৪ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়কে রাশিয়ার সামরিক বাহিনীর একটি দলও মোতায়েন করা হয়েছে। লাইপেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য জানান।
আরও পড়ুন: আবারও ইতালি উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪০
এম ৪ মহাসড়কটি মস্কোকে রোস্তভসহ দক্ষিণ রাশিয়ার অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত করেছে। রোস্তভে সশস্ত্র সেনাদের টহল দিতে দেখা গেছে।
একাত্তর/জো
