সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকার মেয়েদের বিউটি পার্লার বন্ধের আদেশ দিয়েছে। এই আদেশের বিরুদ্ধে ‘কাজ, রুটি এবং ন্যায়বিচার’ এই স্লোগানের সাথে কাবুলের রাজপথে আন্দোলনে নেমেছেন আফগান নারীরা।
এটি এযাবৎকালের ইতিহাসে আফগানিস্তানের জন্যে বিরল একটি দৃশ্য। এই আন্দোলনে বাঁধা দিতে জলকামান দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে তালেবান নিরাপত্তা বাহিনী। খবর: বিবিসি।
কয়েকজন আন্দোলনকারী বলেছেন, তাদের উপর স্টানগানও প্রয়োগ করা হয়েছে। বার্তাসংস্থা এএফপির মতে, এই আন্দোলনে প্রায় ৫০ জন নারী অংশ নিয়েছে।
আফগান সরকার ক্ষমতায় আসায় পর থেকে আফগানিস্তানে মেয়েদের অধিকার বিশেষভাবে খর্ব করা হয়। গত দুই জুলাই তারা আফগানিস্তানে প্রায় হাজারখানেক বিউটি পার্লার বন্ধ করে দেয়।
তাদের মতে, বিউটি পার্লারে মেয়েদের চুল কাটা, ভ্রু প্লাক ইত্যাদি শরীয়তবহির্ভূত কাজ। ইতিমধ্যে তালেবানরা আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা, জিম এবং পার্ক ব্যাবহার বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে তারা মেয়েদের জাতিসংঘে কাজ করাও বন্ধের নির্দেশ দিয়েছে।
এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত মেয়েদের পার্লার বন্ধ ছিলো আফগানিস্তানে। দুই বছর আগে আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় তালেবানরা।
ক্ষমতা পাওয়ার পর থেকে বাড়ির জানালা বন্ধ এবং মেয়েদের ছবিসহ পোস্টারে পেইন্ট স্প্রে করে একে একে নারী অধিকার ছিনিয়ে নেয়ার অভিযান শুরু করে তারা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা
বর্তমানে তালেবান সরকার মেয়েদের একা চলাফেরাতে নিষেধাজ্ঞা এবং আগাগোড়া বোরখা পরে মুখ ঢেকে রাখার আদেশ জারি করেছে।
আফগানিস্তানে জনগণ বেশ কয়েকবার কয়েকটি ছোট ছোট আন্দোলনের মাধ্যমে তালেবানের বিরুদ্ধে অবস্থান নিলেও, তালেবান সরকার বারবার এসকল আন্দোলন দমন করে আসছে।
একাত্তর/পিএজে
