রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলায় পুড়ে ছাই হয়ে গেছে ইউক্রেনের বিখ্যাত হ্যারি পটার দুর্গ। ইউক্রেনের নৌ বাহিনীর এক মুখপাত্র জানান, ক্লাস্টার ওয়ারহেডসহ একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল দিয়ে দেশটির বন্দরনগরী ওডেসাতে হামলা চালানো হয়েছে। এই হামলার সময় দুর্গটির ছাদে আগুন ধরে যায়।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, সোমবার সেখানে ক্লাস্টার মিসাইল হামলা দিয়ে চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ওই হামলায় বন্দর শহরটিতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। হামলায় আক্রান্ত হ্যারি পটার দুর্গটিতে একটি শিক্ষা প্রতিপ্রতিষ্ঠান রয়েছে।
ইউক্রেন কর্তৃপক্ষ মিসাইল হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মঙ্গলবার। তাতে দেখা যায়, সমুদ্রের কাছাকাছি একটি এলাকায় বেশ কিছু বাড়িঘর ও স্থাপনায় কয়েক সেকেন্ডের মধ্যে এক ডজনের বেশি বিস্ফোরণ ঘটে। বেশিরভাগ স্থাপনায় আগুন ধরে যায়। হামলায় ২০টি ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে ধ্বংস হওয়া একটি ভবন হচ্ছে ‘হ্যারি পটার ক্যাসেল’। মূলত ভবনটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান; যা দেখতে স্কটিশ ব্যারোনিয়াল আদলের এবং তার ছাদে বেশ কিছু কোণাকৃতির টাওয়ার রয়েছে। বাড়িটি নির্মাণ শৈলির সাদৃশ্যের কারণে স্থানীয়ভাবে ভবনটি হ্যারি পটার ক্যাসেল নামে পরিচিত।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ভবনটির টাওয়ার ও ছাদে আগুনের লেলিহান শিখা সব কিছু গ্রাস করে নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস রেক্টরসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া বাড়ির মালিক সেরহি কিভালভ আহত হয়েছেন, তিনি ইউক্রেনের সাবেক সংসদ সদস্য।

মঙ্গলবার ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় বলেন, হামলায় নিহত ব্যক্তিরা ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের মধ্যে একজন চার বছর বয়সী শিশুও রয়েছে। হামলায় শিক্ষা প্রতিষ্ঠানটির একটি প্রাইভেট ল অ্যাকাডেমি ভবনের ছাদ ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেন, হামলার স্থান থেকে দেড় কিলোমিটার এলাকার মধ্যে মিসাইলের ধ্বংসাবশেষ ও ধাতব টুকরো উদ্ধার করা হয়েছে। হামলার ধরনই বলে দেয়, ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই হামলা বিষয়ে এখন কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ক্রেমলিন।
মদিনায় ভারি বৃষ্টি, রেড এলার্ট জারি