যুক্তরাজ্যে ভোটগ্রহণ শেষ হতে না হতেই বুথফেরত জরিপের ফল আসা শুরু হয়েছে। এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। আর এ জন্য দুঃখও প্রকাশ করেছেন বিদায়ী এ প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা এপি'র প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি আসন। সেখানে ৬১৫টি আসনের ঘোষিত ফলাফলে ৪০৮টি জিতে নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা ঋষির নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ১৩০টি আসনে জয় পেতে পারে। আর কিয়ার স্টারমারের লেবার পার্টি শেষ পর্যন্ত ৪২০টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পরাজয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার কিয়ার স্টারমারকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সুনাক।
সুনাক বলেন, লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছি। আজ, ক্ষমতা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল উপায়ে হাত বদল হবে। আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমরা সকলেই আস্থা রাখি।
এ শোচনীয় পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে তিনি আরও বলেন, আমি দুঃখিত। আমি এ ক্ষতির দায় নিচ্ছি।
অন্যদিকে ভূমিধস বিজয়ের পর সেন্ট্রাল লন্ডনে নিজের নির্বাচনী আসনে সমর্থকদের সামনে হাজির হয়ে স্টারমার বলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন।
এ লেবার নেতা আরও বলেন, জনগণের এই বিপুল সমর্থনের সঙ্গে বিরাট এক দায়িত্বও লেবার পার্টির ওপর অর্পিত হয়েছে।
এর আগে টানা ছয় সপ্তাহের নির্বাচনী প্রচারণার পর, বৃহস্পতিবার ব্রিটিশদের পরবর্তী সরকার বেছে নেয়ার জন্য ভোটাভুটি হয়।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ৪০ হাজার কেন্দ্রে নিজের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছেন দেশটির সাধারণ মানুষ।
রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট?
নির্বাচন থেকে কিছুতেই সরে দাঁড়াবেন না বাইডেন