ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক মিসাইল আক্রমণে ৩৩ জন নিহত হবার পাশপাশি দেশটির বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতাল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটি। নিহতদের মধ্যে ১৯ জনই কিয়েভের বাসিন্দা বলে জানা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে এর আগে বেশিরভাগ হামলা হয়েছে রাতের বেলায়, তবে রোববারের মিসাইল হামলাগুলো হয়েছে দিনের বেলায়, যা খুবই বিরল ঘটনা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েই মিসাইল আত্রমণ চালিয়েছে রাশিয়া।
এই মিসাইল হামলায় কিয়েভের সবচেয়ে বড় শিশু চিকিৎসা কেন্দ্র ‘ওখমাদিত চিলড্রেন হাসপাতাল’ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। হাসপাতালে বিস্ফোরণে কমপক্ষে দুজন মারা গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র । হাসপাতালে একটি অংশ অংশ ধ্বসে পড়েছে। এছাড়া নিহত হয়েছে কমপক্ষে দুই জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বিভিন্ন শহরে অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পোলান্ড সফরে থাকা জেলেনস্কি এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জেলেনস্কি বলেন, কিয়েভ, দিনিপ্রো, ক্রিভি-রিয়, স্লভিনস্ক, ক্রামাতোর্স্কে আঘাত হানা হয়েছে। বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আবাসিক ভবন, অবকাঠামো ও একটি শিশু হাসপাতাল ক্ষতির শিকার হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।
বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে ওখমাদিত শিশু হাসপাতালের ভেতরে ও বাইরে ধ্বংসের চিত্র উঠে এসেছে। জেলেনস্কি বলেন, হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে আছেন। আর কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, যুদ্ধ শুরু হবার পর থেকে এটি কিয়েভে অন্যতম মারাত্মক হামলা।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি-রিয়ের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, সেখানে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরে ৩ জন এবং নিপ্রো শহরে ১ জন নিহত হয়েছেন। ক্রিভি-রিয়ে শহরেই জন্ম নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনজুড়ে এসব মিসাইল হামলা এমন এক সময় চালানো হলো, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে আছেন। সোমবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির বৈঠক করার কথা। অন্যদিকে, মঙ্গলবার শুরু হচ্ছে ন্যাটোর বৈঠকও।
