লাগেজে হ্যান্ড গ্রেনেড নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজে ওঠার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে এক জাপানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার হাওয়াইয়ের হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
হাওয়াই পুলিশ বিভাগ এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হিলো আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এক্সরে স্ক্রিনিংয়ের সময় এক যাত্রীর লাগেজে গ্রেনেড সাদৃশ্য দুটি বস্তু দেখতে পান। পরে তারা নিশ্চিত হন ওই বস্তু দুটি আসলে তাজা হ্যান্ড গ্রেনেড।
এর পরপরই বিমানবন্দরের টার্মিনাল এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়া হয় এবং হাওয়াই পুলিশ বিভাগের বোমা স্কোয়াড গ্রেনেড উদ্ধারে কাজ শুরু করে।
প্রায় ৮০ মিনিটের জন্য বন্ধ থাকে বিমানবন্দরের সব কার্যক্রম। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরের যাত্রী ও কর্মীরা। শেষ পর্যন্ত হ্যান্ড গ্রেনেড দুটি বিমানবন্দর থেকে সরিয়ে নেয়া হয়।
এদিকে ঘটনার পরপরই ৪১ বছর বয়সী জাপানি নাগরিক আকিতো ফুকুশিমাকে প্রথম-ডিগ্রি সন্ত্রাসবাদী হুমকির দায়ে গ্রেপ্তার করা হয়। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
তিনি কেন তার লাগেজে গ্রেনেড বহন করছিলেন তা তদন্ত করে দেখছে পুলিশ। এর পেছনে কোনো গোষ্ঠী বা সংগঠনের ভূমিকা আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
হিলো আন্তর্জাতিক বিমানবন্দর পরে জনসাধারণের উদ্দেশ্যে জারি করা এক নোটিশে জানায়, ব্যাগে বা লাগেজে কোনোভাবেই হ্যান্ড গ্রেনেড বহন করা যাবে না।
যে হাসপাতাল বদলে দেয় অপরাধীর চেহারা!
নিজেদের তৈরি যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ তুরস্কের