যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা ও কেনটাকিতে শক্তিশালী ঝড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন আরও অনেকে। রোববার আঘাত হানা টর্নেডো ও ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
শক্তিশালী টর্নেডোর আগাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের তিনজনসহ অন্তত সাতজন নিহত হয়। আহত হয়েছেন শতাধিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, তার রাজ্যের সমস্ত কাউন্টির এক তৃতীয়াংশের বেশি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।
ঝড়ের পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় প্রায় ২০০ ঘরবাড়ি ও ১২০টি অন্যান্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যানবাহনের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি।
আরকানসাস রাজ্যে পাঁচজন নিহত হয়েছেন। ঝড়ে গাছপালা উপড়ে এখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুত সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে বসবাস করছেন অনেক মানুষ।
ঝড়ে ওকলাহোমায় দুইজন ও কেন্টাকিতে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানে ওকলাহোমায়। রোববার কেনটাকির লুইসভিলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গাছ ভেঙে একজন মারা যায়।
এছাড়া চলতি বছর ১ জুন থেকে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে একাধিক আটলান্টিক হ্যারিকেন বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর।
ইসরাইলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের